ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে “প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক মিশনের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে তিনি এ মূল্যায়ন দেন।
ইভারস আইজাবস বলেন, এবারের নির্বাচন ছিল প্রকৃত অর্থেই প্রতিযোগিতামূলক এবং আইনের শাসন মেনে অনুষ্ঠিত। তার ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণায় নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও আচরণের ঘটনা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।
তবে নির্বাচনে নারীদের কম অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নারী ক্ষমতায়নে সদিচ্ছার ঘাটতির ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পরিসরে পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহনন ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে—যা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের নির্যাতনের শিকার নারীদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয়-পরাজয় মেনে নেওয়াকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ইভারস আইজাবস।








