ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

বার্তায় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত কয়েক মাস ধরে অসংখ্য মানুষ সময়, শ্রম ও অটল বিশ্বাস নিয়ে নিরলস কাজ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহস ও ত্যাগ গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের ফলাফলকে ‘বিপর্যয়’ নয়, বরং ‘নতুন ভিত্তি’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, স্বাভাবিকভাবেই অনেকেই কষ্ট ও হতাশা অনুভব করছেন। তবে আন্তরিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। ৭৭টি আসন নিয়ে দলটি সংসদে তাদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনশীল। ২০০৮ সালে একটি বড় দল মাত্র ৩০টি আসন পেয়েছিল, আর দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে সরকার গঠন করছে। গণতান্ত্রিক রাজনীতি তাৎক্ষণিক সাফল্যের নয়, বরং ধৈর্য, আস্থা ও ধারাবাহিক প্রচেষ্টার বিষয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দল সামগ্রিক ফলাফল মেনে নিচ্ছে এবং আইনের শাসনের প্রতি সম্মান অটুট থাকবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তাদের আন্দোলন কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, দল সজাগ, নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী শক্তি হিসেবে কাজ করবে—জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহির আওতায় রাখতে দৃঢ় থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ