ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

তারেক রহমানকে মোদির ফোন, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে “অসাধারণ জয়ের” জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মোদি তার বার্তায় লেখেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে যে প্রচেষ্টা চলবে, তাতে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা ও সমর্থন থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী—দুই দেশের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের বন্ধন। সেই প্রেক্ষাপটে তিনি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই যোগাযোগকে নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ