ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্তকরণে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত ফলাফল, দলীয় সূত্র ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এমন চিত্র উঠে এসেছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনে জয় নিশ্চিত করেছেন বলে জানা গেছে। দলের স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের উল্লেখযোগ্য অংশও নিজ নিজ নির্বাচনী এলাকায় এগিয়ে বা বিজয়ী হয়েছেন।

রাত পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, দেশের দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অনেক আসনে তারা উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন। নির্বাচন-পরবর্তী বিশ্লেষণে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে থাকবে দলটি। সে ক্ষেত্রে দলীয় প্রধানই নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন—এমনটাই প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অর্ধশতাধিক আসনে বিজয়ের পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিজ আসনে এগিয়ে আছেন। একইভাবে এনসিপি’র নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ-সহ জোটের আরও কয়েকজন প্রার্থী নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন।

তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ পরওয়ার নিজ আসনে পিছিয়ে পড়েছেন বলে বেসরকারি ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে জাতীয় পার্টি কোনো আসনে জয় পায়নি বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। দলটির শীর্ষ নেতারাও প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যায়।

উল্লেখ্য, এসব তথ্য এখনো বেসরকারি ফলাফলের ভিত্তিতে প্রস্তুত। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার পর পূর্ণাঙ্গ ফলাফল স্পষ্ট হবে। তবে সামগ্রিক চিত্রে বিএনপির পক্ষেই জনরায় ঝুঁকেছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ