ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সাঁথিয়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন নাজিবুর রহমান মোমেন। বেসরকারি ফলাফলে তিনি প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মোট ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।
এ ছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন–এর প্রার্থী আব্দুল গণি এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাবনা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ৯৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।








