যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৪টি জাহাজ, ১৫টি প্রতিষ্ঠান এবং দুইজন ব্যক্তি। শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলো ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে জড়িত ছিল। এসব জাহাজ গোপন ও বিভ্রান্তিকর শিপিং কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা লঙ্ঘন করেছে এবং বৈধ বাণিজ্য ও অন্যান্য জাহাজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে, মার্কিন সরকারের অনুমতি ছাড়া কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের কাছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে তেহরান এসব শর্ত বারবার প্রত্যাখ্যান করেছে।
উল্লেখযোগ্যভাবে, এই নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ওই আলোচনা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ভবিষ্যতে আবার আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।








