পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আইনের ৪৭ (৫) ধারা লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী গণসংযোগে লিফলেট হাতে স্লোগান দিচ্ছেন তিনি। ভিডিওটি প্রকাশ করেন পাবিপ্রবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক একরামুল হক লিমন।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে পেশাগত অসদাচরণ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছেন।
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, আচরণবিধি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নজরে আসেনি; অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








