রাঙ্গুনিয়ার বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে প্রশ্নোত্তর পর্বে নতুন প্রজন্মের তরুণদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি এমপি হই বা না হই, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে হুমাম কাদের চৌধুরীর নিজস্ব অডিটোরিয়ামে এ প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, সামাজিক সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, উপস্থিত তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই জুলাই আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীর রাঙ্গুনিয়া গড়তে তরুণদের মতামত ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
উন্নয়নের নামে বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, একটি ইউনিয়নে শুধু এমপির বাড়ি যাওয়ার জন্য সাড়ে ৪ কোটি টাকার সড়ক নির্মাণ করা হয়েছে, অথচ আরেক ইউনিয়নে সড়কের বেহাল অবস্থার কারণে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। “আমি এমন উন্নয়ন চাই না, আমি চাই রাঙ্গুনিয়ার সামগ্রিক ও ন্যায্য উন্নয়ন,” বলেন তিনি।
পরিবেশ ও প্রাণীকল্যাণ প্রসঙ্গে হুমাম কাদের জানান, ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। তিনি রাঙ্গুনিয়ায় একটি ইকোপার্ক গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে বর্তমান অবস্থায় আর রাখতে চান না। “আয়না ঘরে যেভাবে মানুষকে বন্দি করে রাখা হয়, চিড়িয়াখানার প্রাণীরাও তেমন অবস্থায় আছে। আমি এটিকে সাফারি পার্কে রূপান্তর করতে চাই,” বলেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে রাঙ্গামাটি সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী সায়মা বিনতে সৈয়দের প্রশ্নের জবাবে হুমাম কাদের বলেন, বছরে একবার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলে আগের এমপিদের মতো হয়ে যাবেন। তাই তিনি নিয়মিত স্বশরীরে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশ্বাস দেন।
ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে মাদরাসা শিক্ষার্থী হামিদুল ইসলাম রাকিবের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন-ভাতার ঘোষণা দিয়েছেন। এটি বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান প্রসঙ্গে প্রজ্ঞেয়া যতি ভিক্ষুর প্রশ্নে হুমাম কাদের বলেন, রাঙ্গুনিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে তিনি প্রস্তুত।
এছাড়া বালুমহাল সিন্ডিকেট নিয়ে এক তরুণ সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “১২ তারিখ নির্বাচন হোক, ১৩ তারিখ বৈধ হোক বা অবৈধ—সব ধরনের বালু উত্তোলন বন্ধ করা হবে।”








