জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অলি আহমেদ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। বরং তিনি বলেছেন—চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যা ঐতিহাসিকভাবে সত্য।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং চট্টগ্রাম থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহের সূচনা হয়। ওই বক্তব্যে তিনি কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে দাবি করেননি।
এদিকে, একই দিন শফিকুর রহমানের বক্তব্যের প্রায় ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের আরেক সমাবেশে কর্নেল অলি আহমেদ নিজেই বলেন, “চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।”
এই বক্তব্যগুলোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মী দাবি করতে থাকেন, জামায়াতের আমির নাকি কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরেছেন। তবে ভিডিও ফুটেজ যাচাই করে দেখা যায়, বন্দরের সমাবেশে জামায়াত আমির শুধু বলেছেন—চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়; তিনি কর্নেল অলির নাম উল্লেখ করে তাকে ঘোষণাদাতা বলেননি।
রাঙ্গুনিয়ার সমাবেশে এই বিতর্কের প্রতিক্রিয়ায় কর্নেল অলি আহমেদ বলেন, “জামায়াতের আমির সঠিক কথাই বলেছেন। তিনি কারও সম্মান ক্ষুণ্ন করার মতো কিছু বলেননি।” সমালোচনাকারীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় মন্তব্য করে বলেন, “যারা অযথা সমালোচনা করছে তারা কুকুরের মতো আচরণ করছে। কুকুরের কাজ কুকুরই করে, আর আমরা আমাদের কাজ করে যাব।”








