
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন—এমন সম্ভাবনা দেখছেন দেশের প্রায় ৪৮ শতাংশ মানুষ। অপরদিকে, জরিপে অংশ নেওয়া প্রায় ২৩ শতাংশ ভোটার মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড–৩’-এর জরিপে উঠে এসেছে এসব তথ্য।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার। তিনি জানান, জরিপে ভোটারদের ভোটদানের আগ্রহ, নির্বাচনের পরিবেশ ও সামগ্রিক রাজনৈতিক মনোভাব বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি আগের রাউন্ডের সঙ্গে তুলনা করে জনমতের পরিবর্তনও তুলে ধরা হয়েছে।
জরিপ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯৩ দশমিক ৩ শতাংশ ভোটার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগের রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, আগে ভোট না দেওয়ার কথা বলা ভোটারদের মধ্যে এবার ৭৮ দশমিক ৫ শতাংশ ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করেছেন ৪৭ দশমিক ৬ শতাংশ ভোটার। ডা. শফিকুর রহমানের সম্ভাবনার কথা বলেছেন ২২ দশমিক ৫ শতাংশ। তবে ২২ দশমিক ২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এখনো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সম্পর্কে নিশ্চিত নন, যা নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।
জরিপে আরও দেখা গেছে, ৭৪ দশমিক ২ শতাংশ ভোটার ইতোমধ্যে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি তাদের মূল ভোটব্যাংক ধরে রাখতে সক্ষম হয়েছে এবং পাশাপাশি জামায়াত ও এনসিপির কিছু ভোটারকেও আকৃষ্ট করেছে। তবে ভোটারদের সিদ্ধান্তে অস্থিরতা থাকায় শেষ পর্যন্ত আসন বণ্টনে এর প্রভাব পড়তে পারে বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক ফাহিম মাশরুর, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুল রহমান এবং ইনোভেশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান।








